iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যে ত্রিপুরার বিরোধী দলনেতার প্রতিবাদ

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : ককবরক-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বক্তব্যের তীব্র নিন্দা জানালেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার সিপিআই(এম) রাজ্য দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

আঞ্চলিক রাজভাষা সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, আগরতলায় অনুষ্ঠিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের চল্লিশটি ভাষাকেই দেবনাগরী হরফে লেখার কথা বলেছেন, যাকে তিনি হুমকিস্বরূপ এবং ভাষাগত আগ্রাসনের সামিল বলে অভিহিত করেন।

এদিন সিপিআই(এম) রাজ্য দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহিদদের স্মরণে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জিতেন্দ্র চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে প্রেরণা জুগিয়েছিল। সেই আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে ১৯৭৫ সালে ককবরক ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন গড়ে ওঠে, যেখানে ধনঞ্জয় ত্রিপুরা শহিদ হন। পরবর্তীকালে ১৯৭৯ সালে ককবরক রাজ্যভাষার মর্যাদা পায়।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, ভাষার বৈচিত্র্যই ভারতের শক্তি এবং উত্তর-পূর্বাঞ্চলের ভাষাগুলিকে এক হরফে বেঁধে ফেলার প্রস্তাব সংবিধানের চেতনার পরিপন্থী। তিনি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *