যাত্রী সেজে ছিনতাই, শিশুর ডায়াপারে লুকোনো ৩৫ হাজার টাকাসহ ধরা তিন মহিলা
আগরতলা, ৪ মার্চ : রাজধানী আগরতলায় ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রী সেজে অটোতে উঠে অপর যাত্রীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনতাই করার অভিযোগে ভিনরাজ্যের তিন মহিলাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আস্তাবল ময়দান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিরোধ বরণ দাস নামে জনৈক ব্যক্তি কের চৌমুহনী এলাকায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কার্যালয় এবং এটিএম থেকে মোট ৩৫ হাজার টাকা তোলেন। পরে তিনি গোর্খাবস্তি যাওয়ার উদ্দেশ্যে একটি অটোয় ওঠেন। একই অটোতে যাত্রী সেজে ওঠে তিনজন ভিনরাজ্যের মহিলা, যাদের মধ্যে একজন নাবালিকা বলেও জানা গেছে।
অভিযোগ, অটো চলাকালীন সুযোগ বুঝে ওই তিন মহিলা নিরোধ বরণ দাসের পকেট থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। পরে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনি টাকার অনুপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে অটোচালকসহ তিন মহিলাকে আটক করে।
পরিস্থিতি সামাল দিতে উপস্থিত জনতা ও পথচারী মহিলার সহায়তায় অভিযুক্তদের তল্লাশি চালায়। প্রথমে কিছু না মিললেও পরে এক মহিলার কোলে থাকা শিশুর ডায়াপার তল্লাশি করে সেখান থেকেই সম্পূর্ণ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, টাকার কিছু অংশে শিশুর মলও লেগে ছিল, যা ঘটনাটিকে আরও বিস্ময়কর করে তোলে।
খবর পেয়ে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
