iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় চুরির মামলায় আরও দুই অভিযুক্ত গ্রেফতার, স্বর্ণের চেইন উদ্ধার

আগরতলা, ৩০ এপ্রিল  : রাজধানী আগরতলায় সাম্প্রতিক চুরি ও ছিনতাইয়ের ঘটনার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। পূর্বে গ্রেফতার তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুই ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শ্যামল দাস নামে এক ব্যক্তির স্বর্ণের চেইন ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনি পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল শিবু সাহা, সুরজিৎ দেবনাথ এবং সজল সরকার।

পরবর্তীতে ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হলে এই চক্রের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বর্ডার গোল চক্কর এলাকা থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারা হল সায়ন সরকার, যার বাড়ি রাজনগর এলাকায় এবং সোহেল মিয়া, যার বাড়ি জয়পুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, এই চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *