iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শান্তিরবাজারে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

শান্তিরবাজার , ৩০ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় বিদ্যুৎ মেরামতির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি বিদ্যুৎ নিগমের গাফিলতি ও নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ জোলাইবাড়ি এলাকার ঠাকুরছড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এদিন বিকেলে প্রবল ঝড়ে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে মেরামতির কাজে নামেন বিদ্যুৎ নিগমে নিযুক্ত শ্রমিকরা।

অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করানো হচ্ছিল। কাজ করার সময় হঠাৎ করেই বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন গর্বরসিং দেববর্মা (৩১) নামে শ্রমিক।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না করেই মেরামতির কাজ শুরু করা হয়েছিল। পাশাপাশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম, যেমন গ্লাভস, হেলমেট বা ইনসুলেটেড যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। এর ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারটির আর্থিক অবস্থা এমনিতেই দুর্বল বলে জানা গেছে, ফলে পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *