iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গণ্ডাছড়ায় ঝড়ে উপড়ে পড়া গাছে স্তব্ধ সড়ক

গণ্ডাছড়া , মে : প্রবল বর্ষণের জেরে সোমবার সকালে ধলাই জেলার গণ্ডাছড়া–অমরপুর সড়কে একটি বিশাল গাছ উপড়ে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপূর্ণ এই সড়ক কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকলেও প্রথমদিকে মহকুমা প্রশাসনের কোনও তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতভর গণ্ডাছড়া মহকুমাজুড়ে ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টির প্রভাবে সড়কের ধারে একাধিক গাছ ভেঙে পড়ে এবং কয়েকটি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। সোমবার সকাল আনুমানিক ৮টা নাগাদ বঙ্করঘাটের নতুন পাকা সেতুর ওপারে ধলাঝাড়ি এলাকায় রাস্তার ধারে থাকা একটি বিশাল গাছ মাটি থেকে উপড়ে গিয়ে সরাসরি সড়কের উপর পড়ে যায়। এর ফলে পুরো গণ্ডাছড়া–অমরপুর সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

যদিও ছোট যানবাহন কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছিল, তবে বাস, ট্রাকসহ বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় অফিসযাত্রী, রোগী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ব্যাপক সমস্যার সম্মুখীন হয়।

স্থানীয়দের অভিযোগ, এত বড় একটি ঘটনায় শুরুতে প্রশাসনের কোনও উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘ সময় সড়ক অবরুদ্ধ থাকার পর সাধারণ মানুষ প্রশাসনকে খবর দিলে তৎপর হয় মহকুমা প্রশাসন। পরে কর্মীরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

প্রশাসনের এই বিলম্বিত ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানচালকরা। তাঁদের দাবি, বর্ষার সময় এমন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও আগে থেকে প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *