iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে যুবতী সহ গ্রেফতার তিন

আগরতলা, ৬ মে : রাজধানী আগরতলায় নেশা কারবারের পাশাপাশি ছিনতাই কাণ্ডেও মহিলাদের জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। সর্বশেষ ঘটনায় রাজধানীর ইন্দ্রনগর এলাকা থেকে জনৈকা মহিলার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগে যুবতী-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ঘটনায় ব্যবহৃত অটোটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দুপুরে ইন্দ্রনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন দুই যুবক ও এক যুবতী দীর্ঘক্ষণ রাস্তার ধারে অবস্থান করছিল। সেই সময় জনৈকা মহিলা হেঁটে যাওয়ার সময় যুবতীটি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। সুযোগ বুঝে এক যুবক মহিলার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এরপর তিনজন দ্রুত আগে থেকে প্রস্তুত রাখা একটি অটোয় চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তবে পালানোর সময় অটোর নম্বর (টিআর০১-এম-৯৩০৯) দেখে ফেলেন ভুক্তভোগী মহিলা। পরে তিনি এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

এনসিসি থানার ওসি-র নির্দেশে অভয়নগর আউটপোস্টের ওসি জয়নাল হোসেন তদন্তভার গ্রহণ করেন। অটোর নম্বরের সূত্র ধরে প্রথমে অটো আটক করা হয়। পরে চালককে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃতদের নাম রামু চক্রবর্তী (এডি নগর), শুভমিতা দে (৭৯ টিলা) এবং গৌড় সাহা (পূর্ব চানমারি)। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের চেনটি রাজধানীর একটি জুয়েলারি দোকানে বিক্রি করা হয়েছিল। পুলিশ সেই দোকান থেকে চেনটি উদ্ধার করেছে।

এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন বুধবার জানান, মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারটির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। তিনি আরও জানান, অভিযুক্তরা কোনও বড় ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখতে তাঁদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়।

অন্যদিকে, ঘটনায় ব্যবহৃত অটোর চালকের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তিনি এই চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজধানীতে সম্প্রতি নেশা কারবারে একাধিক মহিলার জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। এই ছিনতাইয়ের ঘটনায় মহিলার সম্পৃক্ততা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের মধ্যে। পুলিশ জানিয়েছে, শহরে ক্রমবর্ধমান এই ধরনের অপরাধ দমনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *