iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগরে বিজেপি কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে বিধায়ক জহর

ধর্মনগর, ৭ মে : উত্তর জেলার ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তথা ধর্মনগর পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এখনও শোক ও চাঞ্চল্যের আবহ বিরাজ করছে গোটা এলাকায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী শোকসন্তপ্ত রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাস, কাউন্সিলর নবনিতা আচার্য সহ দলের একাধিক স্থানীয় নেতা-কর্মী।

পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিধায়ক। তিনি পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে বিজেপি দল তাঁদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। পরিবারের সদস্যদের মানসিকভাবে ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে তিনি সবরকম সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তী বলেন, “রাহুল কিশোর রায়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তিনি দলের একজন সক্রিয়, জনপ্রিয় ও পরিশ্রমী কর্মী ছিলেন। তাঁর অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, গোটা সংগঠনই এক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে।”

তিনি আরও বলেন, “এই ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।”

এদিকে, রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাজনৈতিক মহলেও প্রশাসনের ভূমিকা এবং তদন্তের অগ্রগতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, রাহুল কিশোর রায় ধর্মনগর এলাকায় বিজেপি-র এক পরিচিত মুখ ছিলেন। যুব সংগঠনের পাশাপাশি পুর পরিষদের কাউন্সিলর হিসেবেও তিনি এলাকায় সক্রিয় ভূমিকা পালন করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *