iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাবার বাগানে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, শান্তিরবাজারে শোকের ছায়া

শান্তিরবাজার, মে : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষপাড়ার গভীর রাবার বাগান থেকে একইসাথে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন গরু চরাতে গিয়ে রাবার বাগানের ভিতরে একটি গাছে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। দৃশ্যটি চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস, শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস, মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএম সৈয়ফউদ্দিন আহম্মেদ সহ ফরেন্সিক টিমের সদস্যরা। ঘটনাস্থল ঘিরে শুরু হয় তদন্ত।

মৃতদের পরিচয় জানা গেছে, মৈনাক্ষপাড়ার বাসিন্দা রাজেশ রিয়াং-এর স্ত্রী মঞ্জীতা রিয়াং (২৬) এবং তাঁদের আট বছরের ছেলে ডিকসন রিয়াং। মা ও ছেলের একসাথে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে।

মৈনাক্ষপাড়ার নির্জন রাবার বাগানে মা ও ছেলের  মৃতদেহ উদ্ধারের এই ঘটনা যেন এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে। ছোট্ট ডিকসনের নিষ্পাপ মুখ আর মায়ের সঙ্গে তার শেষ যাত্রার দৃশ্য তাড়া করছে স্থানীয় মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *