iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তিপ্রাহ একাডেমিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা

মোহনপুর, ১৬ মে : মোহনপুর মহকুমার সিমনা বিধানসভা এলাকার বড়কাঁঠালস্থিত তিপ্রাহ একাডেমিতে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং ভবিষ্যতের জন্য উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের রাষ্ট্রমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বৃষকেতু দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা এবং সিমনা-তামাকাড়ি কেন্দ্রের এমডিসি রবীন্দ্র দেববর্মা। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এসএমসি কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করা শিক্ষার্থীদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছাপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে যে কোনও শিক্ষার্থী বড় সাফল্য অর্জন করতে পারে। তাঁরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সাফল্যই ভবিষ্যতের আরও বড় অর্জনের ভিত্তি তৈরি করবে।

রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা আজ যে কৃতিত্বের স্বাক্ষর রাখছে, তা গোটা এলাকার জন্য গর্বের বিষয়। সরকার শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে।

টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা শিক্ষার্থীদের সমাজ ও জাতির উন্নয়নে নিজেদের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান। এমডিসি রবীন্দ্র দেববর্মাও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *