iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় এমবিবি বিমানবন্দরে বাংলাদেশি গ্রেফতার

আগরতলা, ১৮ জুন : ত্রিপুরার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ জানতে পারে যে সন্দেহভাজন ব্যক্তি বিমানবন্দর এলাকায় ঘোরাফেরা করছেন এবং রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।

এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তিনি নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন এবং কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্রও দেখাতে পারেননি। পরবর্তীতে থানায় নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি ত্রিপুরার এমবিবি বিমানবন্দর ব্যবহার করে দেশের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্তাধীন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন। এর সঙ্গে জড়িত কোনও চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তার পরপরই বিমানবন্দর থেকে অনুপ্রবেশকারীর গ্রেফতারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় প্রশাসন মনে করছে, সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশের পর এমন অনুপ্রবেশকারীরা বিমানবন্দর ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাওয়ার চেষ্টা করছে, যা রাজ্য ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *