iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

১১ দফা দাবিতে বিডিও-র নিকট কৃষক সভার স্মারকলিপি, বিলোনিয়ায় গণডেপুটেশন

বিলোনিয়া, ১৯ জুন : কৃষি, সেচ, বিদ্যুৎ, পানীয় জল ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার ভারতচন্দ্রনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর নিকট ১১ দফা দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা। এদিন সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে একটি গণডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।

কৃষক সভার কর্মী-সমর্থকরা লাল পতাকা হাতে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে ভারতচন্দ্রনগর ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। পরে ব্লক কার্যালয় সংলগ্ন মনুরমুখ এলাকায় সমাবেশে অংশ নেন তাঁরা। সমাবেশে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে কৃষক নেতা নির্মল ভৌমিক, বিকাশ পাল, ভানু পাল, সাধন চৌধুরী, বিশ্বজিৎ পাল, দয়াল পাল ও স্বপন দেবনাথকে নিয়ে গঠিত সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও-র সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্রের প্রতিলিপি তুলে দেন। স্মারকলিপির মাধ্যমে কৃষি উপকরণের সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন, ফসলের ন্যায্যমূল্য, বিদ্যুৎ মাশুল হ্রাস, পানীয় জলের প্রকল্প চালু এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

স্মারকলিপিতে কৃষক সভার পক্ষ থেকে বলা হয়, কৃষি উপকরণের অপ্রতুলতা, উৎপাদন খরচ বৃদ্ধি, সেচ ব্যবস্থার দুর্বলতা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকরা চরম সংকটের মুখে পড়েছেন। অনেক কৃষক বাধ্য হয়ে চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

সংগঠনের দাবি, ভিলেজ লেভেল স্টোরগুলিতে পর্যাপ্ত পরিমাণে সার, কীটনাশক ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং খোলা বাজারে সারের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি পাওয়ার টিলার পরিচালনার জন্য পর্যাপ্ত ডিজেল সরবরাহ এবং পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

কৃষকদের উৎপাদিত ফসল উৎপাদন খরচের দেড়গুণ দামে সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা করা, বর্গা চাষিদের কাছ থেকেও সরাসরি ফসল কেনার উদ্যোগ গ্রহণ এবং দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সেচ প্রকল্পগুলি দ্রুত সংস্কার করে চালু করার দাবি তোলা হয়। এছাড়া বর্গা চাষিদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় আনা, রেগা প্রকল্পকে কৃষিকাজে ব্যবহারের অনুমোদন প্রদান, রেগায় ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং দৈনিক ৬০০ টাকা মজুরি প্রদানের দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, ফুয়েল চার্জ আদায় বন্ধ এবং সাধারণ গ্রাহকদের উপর ফিক্সড চার্জের বোঝা কমানোর বিষয়েও জোর দেওয়া হয়। একইসঙ্গে রাবার বাগানকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিলের আওতায় আনা, অচল ও অসমাপ্ত পানীয় জল প্রকল্প দ্রুত চালু করা, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও গবাদিপশু হারানো পরিবারগুলিকে ক্ষতিপূরণ প্রদান এবং নষ্ট হয়ে যাওয়া গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।

এদিনের সমাবেশে বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা বিজয় তিলক, সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা সম্পাদক বাবুল দেবনাথ এবং সংগঠনের বিলোনিয়া মহকুমা সম্পাদক নির্মল ভৌমিক। সভার সভাপতিমণ্ডলীতে ছিলেন কৃষক নেতা তপন সরকার ও মানিক বিশ্বাস।

স্মারকলিপি প্রদান শেষে কৃষক সভার নেতৃবৃন্দ জানান, কৃষকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশাসন দ্রুত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন। অন্যদিকে বিডিও-র পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলের সদস্যরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *