iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আন্তর্জাতিক যোগ দিবসে তেলিয়ামুড়ায় বর্ণাঢ্য উদযাপন, ব্যাপক সাড়া

তেলিয়ামুড়া, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তেলিয়ামুড়া যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ ও সুষম জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এদিনের কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কিত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন। শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে র‍্যালিটি পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং প্রশিক্ষিত অংশগ্রহণকারীরা যোগাসনের মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন। তাঁদের পরিবেশিত বিভিন্ন যোগাভ্যাস উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

এছাড়াও যোগব্যায়ামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে এবং একাগ্রতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডি.সি.এম সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তেলিয়ামুড়ায় আয়োজিত এই কর্মসূচি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *