iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এনসিসি ক্যাম্পে শৃঙ্খলা, নেতৃত্ব ও নেশামুক্ত সমাজ গড়ার বার্তা

আগরতলা, ২৯ জুন : তরুণ প্রজন্মের মধ্যে অনুশাসন, ঐক্য, নেতৃত্বের গুণাবলি, জাতীয়তাবোধ এবং নেশামুক্ত মানসিকতা গড়ে তুলতে ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার রাজধানী আগরতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি আয়োজিত ১০ দিনব্যাপী কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প (সিএটিসি)-র সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-র আধিকারিক নবপ্রীত সিং বাথ।

২১ জুন থেকে শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় ৫৫০ জন পুরুষ ও মহিলা এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। সোমবার সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটরা বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিবিরে অর্জিত বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবপ্রীত সিং বাথ বলেন, প্রতি বছর বিদ্যালয় স্তরের এনসিসি ক্যাডেটদের জন্য এই ধরনের ১০ দিনব্যাপী কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য শুধু সামরিক প্রশিক্ষণ দেওয়া নয়, বরং তরুণ-তরুণীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের চেতনা গড়ে তোলা। পাশাপাশি সমাজকে নেশামুক্ত করার বার্তাও এই প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি জানান, এবারের ক্যাম্পে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ৫৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে। ১০ দিনের এই আবাসিক প্রশিক্ষণ চলাকালীন ক্যাডেটদের অস্ত্র পরিচালনা, ড্রিল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের কৌশল এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সময়ানুবর্তিতা এবং জাতীয় দায়িত্ববোধ সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণকালীন বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, নৃত্য এবং বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও ক্যাডেটদের মুগ্ধ করে।

এনসিসি কর্তৃপক্ষের মতে, এ ধরনের প্রশিক্ষণ শিবির ভবিষ্যতের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *