iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শেষের পথে নরসিংগড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ

আগরতলা, ১ জুলাই : দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নরসিংগড়ে নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ এখন শেষ পর্যায়ে। নির্মাণকারী সংস্থা আগামী ৩১ আগস্টের মধ্যে স্টেডিয়ামটি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) কাছে হস্তান্তর করবে বলে আশ্বাস দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই স্টেডিয়ামটি সম্পূর্ণ প্রস্তুত হবে। আগামী মরশুম থেকেই এই স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন টিসিএ-র সভাপতি তপন লোধ এবং সম্পাদক সুব্রত দে।

বুধবার নরসিংগড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন টিসিএ-র সম্পাদক সুব্রত দে। তিনি জানান, ৬০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি টাকা। ইতিমধ্যেই প্রায় ১৭৮ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, ২০১৭ সালে রাম কৃপাল সিং কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করে। কিন্তু বিভিন্ন সময়ে আইনি জটিলতা, কোভিড-১৯ অতিমারির প্রভাব এবং নির্মাণসামগ্রী সরবরাহে সমস্যার কারণে প্রকল্পের কাজ ব্যাহত হয়। বিশেষ করে অসমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু ভেঙে যাওয়ায় নির্মাণসামগ্রী আনা সম্ভব না হওয়ায় প্রায় নয় মাস কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।

সুব্রত দে জানান, নির্মাণকারী সংস্থা আগামী ২১ আগস্টের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে এগুচ্ছে। তবে ৩১ আগস্টের মধ্যেই স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে টিসিএ-র হাতে তুলে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

টিসিএ-র সভাপতি তপন লোধ বলেন, নির্মাণকারী সংস্থা নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী। তবে প্রয়োজন হলে সর্বোচ্চ আরও দু’মাস সময় লাগতে পারে। সেই হিসেবে অক্টোবর বা নভেম্বরের মধ্যে স্টেডিয়াম সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম চালু হলে ত্রিপুরার ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে। রাজ্যে প্রথমবারের মতো বড় মাপের জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের সুযোগ তৈরি হবে। আগামী মরশুম থেকেই এই মাঠে আইপিএল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে টিসিএ-র অন্যান্য পদাধিকারী, বিভিন্ন মহকুমা কমিটির সদস্য এবং রাজ্যের বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সকলেই স্টেডিয়ামের নির্মাণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *