iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শুকোতে দেওয়া রাবার শীটই নিশানা, এক রাতেই ৮০ হাজার টাকার ক্ষতি

মোহনপুর, ২ জুলাই : ছেলের বিয়ের আনন্দের প্রস্তুতির মাঝেই নেমে এল চুরির কালো ছায়া। পশ্চিম জেলার মোহনপুর মহকুমার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় বুধবার গভীর রাতে পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের রাবার শীট উধাও হয়ে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, তেবাড়িয়া এলাকার বাসিন্দা অচলমণি বিশ্বাসের বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছে। সংসারের নানা ব্যস্ততার মধ্যেই তিনি নিজের রাবার বাগান থেকে সংগ্রহ করা প্রায় ২০০টি রাবার শীট বাড়ির উঠোনে শুকোতে দিয়েছিলেন। একইভাবে তাঁর পাশের বাড়িতে বসবাসকারী ভাতিজা বিকাশ বিশ্বাসও নিজের রাবার বাগানের রাবার শীট শুকোতে দেন।

অভিযোগ, বুধবার গভীর রাতে চোরের একটি দল সুযোগ বুঝে দুই বাড়িতে হানা দেয়। রাতের অন্ধকারে বাড়ির উঠোনে রাখা রাবার শীটগুলি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে রাবার শীটগুলির খোঁজ করতে গিয়েই চুরির বিষয়টি জানতে পারেন দুই পরিবারের সদস্যরা। পরে হিসাব করে দেখা যায়, দুই বাড়ি মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের রাবার শীট চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত অচলমণি বিশ্বাস জানান, ছেলের বিয়ের জন্য নানা খরচের প্রস্তুতি চলছিল। সেই সময় এত বড় আর্থিক ক্ষতি তাঁদের পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, বুধবারই রাবার শীটগুলো শুকোতে দেওয়া হয়েছিল। রাতে কে বা কারা সেগুলো চুরি করে নিয়ে যায়, তা কেউ টের পাননি। ঘটনার বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান।

তিনি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আবেদন করেন।

পরপর পাশাপাশি দু’টি বাড়িতে একই রাতে চুরির ঘটনায় তেবাড়িয়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। ফলে রাতের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *