iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাদল অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে সরব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা, ১৫ জুলাই : সংসদের আসন্ন বাদল অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল তথা নারী শক্তি বন্দন অধিনিয়ম-২০২৩ কার্যকর করার দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস।  এই দাবিকে সামনে রেখে আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়েছে।  দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ত্রিপুরা থেকেও মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা ওই আন্দোলনে অংশগ্রহণ করবেন।

বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।  তিনি জানান, দীর্ঘদিন ধরে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার দাবি জানিয়ে আসছে মহিলা কংগ্রেস।  ২০২৩ সালে সংসদে পাস হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম দ্রুত বাস্তবায়নের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, বর্তমানে লোকসভার মোট ৫৪৩টি আসনের নিরিখে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা জরুরি।  আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনেই এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং বিল কার্যকরের রূপরেখা ঘোষণা করতে হবে।

তিনি আরও জানান, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ডাকে ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে দেশের বিভিন্ন রাজ্য থেকে মহিলা কংগ্রেস কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন।  ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এবং আন্দোলনে অংশ নেবে।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিল কার্যকর করতে অযথা বিলম্ব করার অভিযোগ তোলেন।  তাঁর বক্তব্য, সংসদে আইন পাস হওয়ার পরও তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই।  ফলে দেশের কোটি কোটি নারী রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ থেকে এখনও বঞ্চিত রয়েছেন।

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন।  সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে কংগ্রেস অতীতে মহিলা সংরক্ষণ বিলের “ভ্রূণ হত্যা” করেছে।  প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তিনি “অত্যন্ত দুর্ভাগ্যজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেন এবং এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রীর দাবি, নারী ক্ষমতায়নের প্রশ্নে রাজনৈতিক দোষারোপের পরিবর্তে সরকারকে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার উদ্যোগ নিতে হবে।  তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ বাস্তবায়ন সময়ের দাবি।

সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের অন্যান্য নেত্রী ও কর্মীরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা ২১ জুলাইয়ের আন্দোলন সফল করার জন্য সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *