iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

শ্রীনগরের বেমিনায় বিধ্বংসী আগুন, প্রাণ হারালেন দু’জন

শ্রীনগর, ৪ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৮০টি অস্থায়ী ছাউনি। অগ্নিকাণ্ডে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ২৩ মিনিট নাগাদ শ্রীনগরের বেমিনার দুর্বাল এলাকায় কাঠের কাঠামো ও ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী বস্তি এলাকায় এই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। জম্মু ও কাশ্মীর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, দুর্বাল এলাকায় ত্রিপল ও কাঠের তৈরি প্রায় ৮০টি অস্থায়ী তাঁবুতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফাঁকা পোল্ট্রি ফার্ম এবং একটি টিপার ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ভস্মীভূত ধ্বংসস্তূপের মধ্য থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম মহম্মদ নূর আলম (২৭) এবং আল আমিন (১৬) বলে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’জনেই এলাকায় ভাঙারি সামগ্রী ও স্ক্র্যাপ সংগ্রহের কাজ করতেন।
ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি-র প্রয়োজনীয় প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত শেষে দেহ দু’টি স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মাঝরাতে ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *