পুর ও নগর ভোটে বিরোধী জোট ভেস্তে যাওয়ার দায় কংগ্রেসের ঘাড়ে চাপাল সিপিআইএম
আগরতলা, ১০ নভেম্বর : পুর ও নগর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। আর এই জোট ভেস্তে যাওয়ার জন্য সরাসরি কংগ্রেস নেতৃত্বের অনৈক্যকেই দায়ী করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, পাঁচ দলের বামফ্রন্টের পক্ষ থেকে বিরোধী জোট গঠনের জন্য আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কংগ্রেসের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছতে না পারায় শেষ পর্যন্ত বৃহত্তর বিরোধী জোট গঠন সম্ভব হয়নি।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগর নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠন না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কার্যত কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরাতেও বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ঐক্যবদ্ধ লড়াইয়ের যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। সেই সম্ভাবনার প্রতিফলন দেখা গিয়েছিল গত ৩০ অক্টোবর রাজধানী আগরতলায় ইন্ডি জোটের উদ্যোগে আয়োজিত মহামিছিলেও। ওই কর্মসূচিতে বিরোধী দলগুলির সম্মিলিত উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিল।
জিতেন্দ্র চৌধুরী জানান, সেই রাজনৈতিক আবহকে নির্বাচনী লড়াইয়ে বাস্তব রূপ দিতে সিপিআইএম-সহ বামফ্রন্টের পাঁচটি দল যথেষ্ট আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করেছিল। জনগণের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিজেপি-র বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে ঐক্যবদ্ধ লড়াইয়ের আবেদন জানানো হয়েছিল। নির্বাচন ঘোষণার পর থেকেই এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হয়। এমনকি সোমবার গভীর রাত পর্যন্তও দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত ছিল।
তবে এত প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত জোটের পথ মসৃণ হয়নি। বিরোধী দলনেতার বক্তব্য, সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলগুলির পক্ষ থেকে সমঝোতার জন্য সমস্ত রকম আন্তরিক উদ্যোগ নেওয়া হলেও কংগ্রেসের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছতে পারেননি। ফলে আসন্ন পুর ও নগর নির্বাচনে বৃহত্তর বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা কার্যত অধরাই থেকে গেল।
জোট গঠন নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ মতপার্থক্যের প্রসঙ্গ তুলে জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, কংগ্রেস দলের একাধিক নেতা জোট গঠনের পক্ষে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁরাও বিজেপিকে পরাস্ত করতে বিরোধী শক্তিগুলির ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। কিন্তু দলের অভ্যন্তরে সর্বসম্মত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। বিরোধী দলনেতার মতে, জোট বাস্তবায়িত হলে আগরতলা পুর নিগমে বিজেপিকে যথেষ্ট শক্তিশালী ধাক্কা দেওয়া সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় বিরোধী শিবিরের নির্বাচনী লড়াইয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
তবে জোটের দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলে মনে করছেন না জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্য, বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে বামপন্থী দলগুলির উদ্যোগ ও প্রচেষ্টার কোনও ঘাটতি থাকবে না। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি বিরোধী লড়াইয়ে বামফ্রন্টের পক্ষ থেকে ৩২ আনা উদ্যোগ অব্যাহত থাকবে। অর্থাৎ বৃহত্তর জোট না হলেও নির্বাচনী ময়দানে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে বামপন্থীরা।
এদিন আসন্ন পুর ও নগর নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যের নাগরিকদের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা। তাঁর দাবি, নাগরিকদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে বামফ্রন্টের কোনও বিকল্প থাকতে পারে না। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নাগরিক পরিষেবার উন্নতি এবং সার্বিক বিকাশের প্রশ্নে বামপন্থীরাই বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
সব মিলিয়ে পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বিরোধী শিবিরে ঐক্যের বদলে অনৈক্যের ছবিই আরও স্পষ্ট হয়ে উঠল। একদিকে জোট ভেস্তে যাওয়ার দায় কংগ্রেসের উপর চাপাচ্ছে সিপিআইএম, অন্যদিকে বামফ্রন্ট নিজেদের সাংগঠনিক শক্তির উপর ভরসা রেখেই নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দিচ্ছে। ফলে বিরোধী ভোটের বিভাজন আসন্ন পুর ও নগর নির্বাচনে বিজেপির রাজনৈতিক সুবিধা বাড়ায় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
