রাজ্যের সর্বত্রই উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে : পর্যটন মন্ত্রী
আগরতলা, ২১ জুন : শনিবার রাজধানী আগরতলা শহরের দুর্গা চৌমুহনীস্থিত বিপনি বিতানে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের নতুন কার্যালয়ের উদ্বোধন হল। এর উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে শনিবার আইজিএম হাসপাতালে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পর্যটন দফতরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি পরীক্ষীত দে সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের স্বল্পতা দূরীকরণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এগিয়ে আসে। এটা একটা ভাল দিক। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের সর্বত্রই এখন উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে।
তিনি আরো জানান, যেকোনো শুভ অনুষ্ঠানের মাঙ্গলিক আয়োজন হোক রক্তদান শিবির। কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান তিনি।
এই রক্তদান শিবির কে কেন্দ্র করে ত্রিপুরার ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।
