ত্রিপুরায় প্রথম সাইবার ক্রাইম থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ২৮ জুন : সভ্যতা এবং বিজ্ঞানের অগ্রগতির পথে অন্যতম অন্তরায় হল ডিজিটাল ক্রাইম। শনিবার আগরতলায় এ ডি নগরে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
শনিবার রাজ্যের প্রথম সাইবার ক্রাইম থানার উদ্বোধন হল। রাজধানীর এ ডি নগরে এই থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সাইবার ক্রাইম থানার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, এডিজিপি এম রাজা মোরাগান, এডিজিপি জি এস রাও সহ অন্যান্যরা।
এই থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথা বলতেন তখন আমরা এর কিছুই জানতাম না। তিনি বলেন সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে। শুরু হয়েছে ডিজিটাল ব্যবস্থা। কিন্তু এই ডিজিটাল ব্যবস্থা শুরুর সাথে সাথেই শুরু হয়েছে নতুন এক অপরাধ, যার নাম ডিজিটাল ক্রাইম। তিনি আরও বলেন, এই সাইবার ক্রাইম থানা সংশ্লিষ্ট অপরাধ দমনে বিশেষ ভূমিকা গ্রহণ করবে।
