iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শিশু উদ্যান নেশাখোরদের দখলে

গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৪ জুলাই (হি.স.) : শিশুদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি শিশু উদ্যান বা পার্ক শুধু যত্নের অভাবে নেশাখোরদের নীরব আড্ডাস্থলে এবং গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। জঙ্গলে ঢাকা পড়ে যাওয়া ওই পার্কটির বেহাল দশার কথা জেনেশুনেও নীরব ব্লক প্রশাসন। দেখেও না দেখার ভান করে চলেছেন মহকুমা শাসক। ফলে স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সঞ্চারিত হচ্ছে।

ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত সরমা এডিসি ভিলেজ। ওই সরমা এডিসি ভিলেজ অফিসটি গণ্ডাছড়া মহকুমা অফিস সংলগ্ন। সরমা এলাকার শিশুদের খেলাধুলার বিভিন্ন দিক চিন্তা করে ২০০৮ সালে তৎকালীন ব্লক প্রশাসনের উদ্যোগে সরমা এডিসি ভিলেজ অফিসের সামনে মাটি কেটে মাঠ তৈরী করে সেখানে একটি শিশু উদ্যান বা পার্ক তৈরী করা হয়েছিল। বসানো হয়েছিল বেশ বড় বড় দোলনা। শিশুদের নিয়ে যে অভিভাবকরা পার্কে আসবেন তাদের বসার জন্য পাতানো হয়েছিল ঢালাই বা পাকা বসার জায়গা। পার্কেই বসানো হয়েছিল একটি মর্মর মূর্তি। যা শিশুদের আকৃষ্ট করত।

২০০৮সালে ওই পার্কটি নির্মাণ করতে ব্লক প্রশাসনের খরচ হয়েছিল কয়েক লক্ষ টাকা। কিন্তু বর্তমানে গোটা পার্কটিকে জঙ্গলে গ্রাস করে ফেলেছে। পথ চলতি মানুষের অভিযোগ সন্ধ্যা নেমে আসতেই ওই শিশু উদ্যানটি নেশাখোরদের দখলে চলে যায়। ওই পার্কে নেশাখোরদের আসর চলে গভীর রাত পর্যন্ত। খেলাধুলার সমস্ত সরঞ্জাম হাতিয়ে নিয়েছে নেশাখোরদের দল।

দিনের বেলায় ওই পার্কটি গোচারণ ভূমিতে পরিণত হয়। অথচ ওই পার্কটির পাশের রাস্তা ধরেই মহকুমা প্রশাসনের বহু অফিসার নিত্যদিন আসা যাওয়া করেন। কিন্তু দায়িত্ববান ওই অফিসাররা সকলই এড়িয়ে যান ওই ঘন জঙ্গলে ঢেকে যাওয়া শিশু উদ্যানটিকে। ন্যূনতম জঙ্গলগুলিকে কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন মনে করছে না ব্লক প্রশাসনের কর্মকর্তারা। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *