iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কৈলাসহরে আক্রান্ত ঠিকাদার সহ পরিবারের সদস্যরা

কৈলাসহর, ১৫ জুলাই : ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর মঙ্গলবার সাক্ষী রইল এক অভূতপূর্ব দুঃসাহসিক হামলার, যেখানে প্রকাশ্য দিবালোকে আক্রান্ত হলেন এক পরিচিত ঠিকাদার ও তার পরিবার। হকার্স কর্নার এলাকার ব্যস্ত জনপথে ঘটে যাওয়া এই হামলা সারা শহরে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক ও উদ্বেগের ছায়া।

সকাল ১১টা নাগাদ, ঠিকাদার আব্দুল মান্নানের বাড়িতে হঠাৎ করেই আক্রমণ চালায় প্রায় দেড় শতাধিক লোকের একটি দল। অভিযোগ, শুধু মান্নান নয়, তার স্ত্রী, পুত্র এবং পাশে থাকা এক মহিলা – সকলেই গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন ঊনকোটি জেলা হাসপাতালে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার পেছনে রয়েছে ঠিকাদারী বাণিজ্য সংক্রান্ত দ্বন্দ্ব। আক্রান্ত আব্দুল মান্নান জানান, গতকাল থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল এবং তিনি আগাম পুলিশকে জানিয়েছিলেন। আজ যখন তিনি বাইকে কাজের নিজের সাইটগুলি ঘুরে বাড়ি ফিরছিলেন, তখনই হকার্স কর্নারের সামনে জমায়েত দেখতে পান। বাড়িতে ঢোকার মুহূর্তেই তার ওপর পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করা হয়।

পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে হামলাকারীরা মান্নানের পরিবারের উপরও চড়াও হয়। পাশে থাকা এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে, যার মাথায় গুরুতর চোট লাগে। হামলার ভয়াবহতা দেখে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

আবদুল মান্নান দাবি করেন, “এটা নিছক হামলা নয়, বরং আমার প্রাণনাশের চেষ্টা। আমার বিটুমিনাস প্ল্যান্টগুলিতেও হামলার ষড়যন্ত্র চলছে। প্রশাসন যদি দ্রুত নিরাপত্তা না দেয়, তাহলে বড় ঘটনা হতে পারে।”

এই ঘটনাকে কেন্দ্র করে শহরে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। হকার্স কর্নার ও পাশের পাণিচৌকি বাজারে দেখা গেছে ভীত সন্ত্রস্ত পরিবেশ, ঘটনার পর সাধারণ ক্রেতাদের বাজারে দেখা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *