আমবাসায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
আমবাসা, ১ আগস্ট : আবারও রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করলেন জনগণ। ধলাই জেলার আমবাসা মহকুমার নাইল্লাহাবাড়ি এলাকায় রায়পাশা গ্রামের বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধে শামিল হন শুক্রবার।
অবরোধকারীরা জানান, নাইলাহাবাড়ির রায়পাশা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। এই রাস্তাটি চলাচলের অযোগ্য। বহুবার আধিকারিক সহ শাসক দলের নেতৃত্বদের জানিয়েও রাস্তাটি সংস্কার হয়নি। ফলে এলাকার মহিলারা শুক্রবার রাস্তার দাবিতে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন।
অবরোধের ফলে জাতীয় সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমবাসা থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা কথা বলেন অবরোধকারীদের সাথে। দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তারপর যানবাহন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরে।
