আগরতলায় চুরি যাওয়া সোনা ও রুপার অলঙ্কার সহ চোর গ্রেফতার
আগরতলা, ১ আগস্ট : চুরি যাওয়া সোনা ও রুপার অলঙ্কার সহ চোর গ্রেফতার। ঘটনা আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকায়। এনসিসি থানার এই সাফল্যে ভাটি অভয়নগর এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।
গত বুধবার রাত তিনটা নাগাদ রাজধানী আগরতলা শহরের ভাটি অভয়নগরের বাসিন্দা মিমি সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের আলমিরার তালা ভেঙ্গে চার ভরি স্বর্ণালঙ্কার এবং তিন ভরি রুপার অলঙ্কার সহ দুটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোর।
বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক মিমি সাহা ঘটনাটি এনসিসি থানায় জানান। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ভাটি অভয়নগর এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একজনকে চিনতে পারে পুলিশ।
বৃহস্পতিবার তাকে পুলিশ গ্রেফতার করা হয়। ধৃতের নাম সেলিম মিয়া। পিতা লিটন মিয়া। বাড়ি বিটারবন এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেন সেলিম। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চুরি যাওয়া সব স্বর্ণালঙ্কার এবং রুপার অলঙ্কার সহ দুটি মোবাইল সেট উদ্ধার করে।
শুক্রবার এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লদাস জানান, উদ্ধারকৃত সোনা এবং রুপার অলঙ্কারের মোট বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা হবে। তিনি আরও জানান, ধৃত সেলিম মিয়াকে তিনদিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার আরও জানান, ধৃত সেলিম মিয়াকে রিমান্ডে এনে এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোরকে গ্রেফতার করায় এনসিসি থানার পুলিশের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন ভাটি অভয়নগরের জনগণ।
