iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মেয়রের আশ্বাসে স্বেচ্ছায় দোকান সরাচ্ছেন হাওড়া মার্কেটের ব্যবসায়ীরা

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: আগরতলা পুর নিগমের মেয়রের আশ্বাসের ভিত্তিতে হাওড়া মার্কেটের দোকান মালিকরা স্বেচ্ছায় নিজেদের দোকানঘর ভেঙে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। মেয়রের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় অবস্থিত হাওড়া মার্কেটকে শহরের সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ওই মার্কেটে উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে। তার আগেই বিষয়টি নিয়ে হাওড়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র দীপক মজুমদার।

বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব দোকান মালিকের বৈধ কাগজপত্র রয়েছে, তাঁদের জন্য এক মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় নতুন দোকানঘর নির্মাণ করে দেবে পুর নিগম। মেয়রের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেন এবং আগরতলা পুর নিগমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকেই হাওড়া মার্কেটের একাংশ দোকান মালিক স্বেচ্ছায় দোকানঘর ভেঙে সরিয়ে নেওয়া শুরু করেন। এদিন ব্যবসায়ীরা জানান, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের সঙ্গে তাঁদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। যেসব দোকান বৈধ, সেগুলির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হবে—এই আশ্বাসে তাঁরা সন্তুষ্ট। ব্যবসায়ীদের দাবি, মেয়রের উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই তাঁরা দোকান সরিয়ে নিচ্ছেন।

সূত্রের খবর, হাওড়া মার্কেটে বর্তমানে একশোটিরও বেশি দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশই বৈধ হলেও কিছু দোকান অবৈধভাবে গড়ে উঠেছে। আগামী ৭ ফেব্রুয়ারি গভীর রাত থেকে হাওড়া মার্কেটে আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *