মুঙ্গিয়াকামিতে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কফ সিরাপ সহ ধরা পড়ল তিন পাচারকারী
তেলিয়ামুড়া, ৭ ফেব্রুয়ারি : নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শনিবার অসম–আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল নাকা পয়েন্টে নিয়মিত চেকিং চলাকালীন গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে একটি নম্বরবিহীন বিলাসবহুল ‘থার’ গাড়ি আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানায়, গাড়ির ভেতরে সাতটি সাবানের কেসের মধ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি কিছু পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিশান এবং ডি.সি.এম সন্দীপ দেববর্মা। তাঁরা অভিযানের পুরো বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন এবং তদন্তকারী আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিশান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে মেঘালয় থেকে এই নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে একটি বৃহত্তর নেশা পাচার চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নেশা সামগ্রীর অবাধ প্রবাহ রুখতে আগামীদিনেও নাকা চেকিং ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
