স্কিল ইন্ডিয়া সাফল্যে ত্রিপুরার ৬ কৃতি সম্মানিত, শুরু হল ইন্টারভিউ ও নার্সিং প্রশিক্ষণ কোর্স
আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : রিজওনাল লেভেল স্কিল ইন্ডিয়া কম্পিটিশনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ত্রিপুরার ছয়জন বিজয়ীকে সংবর্ধনা দিল শিল্প দফতর। শুক্রবার রাজধানী আগরতলায় ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা তাঁদের হাতে শংসাপত্র ও নগদ পুরস্কার তুলে দেন।
সম্প্রতি অনুষ্ঠিত রিজওনাল লেভেল স্কিল ইন্ডিয়া কম্পিটিশনে রাজ্যের ছয়জন প্রতিযোগী বিজয়ী হন। তাঁদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই সরকারের লক্ষ্য। এই সাফল্য ভবিষ্যতে আরও তরুণ-তরুণীকে উৎসাহিত করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
এদিন একই অনুষ্ঠানে আরও দুটি নতুন কোর্সের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি সংক্রান্ত কোর্স এবং নার্সিং প্রশিক্ষণ কোর্স। মন্ত্রী জানান, আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নার্সিং কোর্সে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৮ হাজার টাকা ভাতা পাবেন এবং প্রশিক্ষণ শেষে প্রায় ১০ হাজার টাকা মাসিক বেতনে চাকরির সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।
