দাবি মানতে কেন্দ্রের কাছে চাপ বাড়াতে আগরতলায় পেনশনারদের গণধর্না
আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাজধানী আগরতলায় দুই ঘণ্টার গণধর্না পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য কমিটি। আকাশবাণী ভবনের উল্টো দিকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পেনশনারদের একাধিক সমস্যা ও বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই গণধর্না পালন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের অভিযোগ, ফিন্যান্স অ্যাক্টের অধীনে অন্তর্ভুক্ত ‘ভ্যালিডেশন অ্যাক্ট’-এর মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত হয়েছে, যা অবিলম্বে বাতিল করতে হবে।
সংগঠনের অন্যতম প্রধান দাবি হল—অষ্টম বেতন কমিশনে পেনশন সংশোধনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা এবং দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিভিন্ন সংস্থার পেনশন পুনর্বিবেচনা করা। এলআইসি ও বিএসএনএল-সহ একাধিক সরকারি ও আধা-সরকারি সংস্থার পেনশনারদের বহু বছর ধরে পেনশন রিভিশন না হওয়ায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ তোলা হয়।
এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের শূন্যপদ দ্রুত পূরণ, বেকার সমস্যা সমাধান, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিও কর্মসূচিতে উত্থাপন করা হয়।
ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও বিবেচনা করা হবে।
