iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরায় বিজেপি-র প্রশিক্ষণ মহা অভিযান শুরু, মণ্ডল স্তরেই জোর সংগঠন শক্তিতে

আগরতলা, ৬ মে : রাজ্যে শুরু হতে চলেছে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ নির্বাচনী লক্ষ্য সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর সূচনা হবে মণ্ডল স্তর থেকে। সেই উদ্দেশ্যে মণ্ডল স্তরের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সাফল্যকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করা। দলীয় সক্রিয় সদস্যদের দক্ষ ও কার্যকর করে তুলতেই এই প্রশিক্ষণ পর্বের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে মণ্ডল, জেলা এবং রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যের মোট ৬০টি মণ্ডলে প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬০ জন নেতৃত্বকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী মণ্ডল স্তরে সাতটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষকরা পরবর্তীতে মণ্ডল স্তরের কর্মীদের প্রশিক্ষণ দেবেন। মণ্ডল স্তরের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর জেলা স্তরে প্রশিক্ষণ শুরু হবে, যেখানে ১২টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এরপর রাজ্য স্তরেও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবারের এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, এই অভিযানের রাজ্য কনভেনার সুব্রত চক্রবর্তী, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক অঙ্গ হল প্রশিক্ষণ। মণ্ডল স্তর থেকেই এই প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয় এবং তা ধাপে ধাপে বৃহত্তর স্তরে বিস্তৃত হয়। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্ব সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছেন, যার মাধ্যমে কর্মীদের মধ্যে দলীয় আদর্শ, সংগঠন বিস্তার এবং জনসংযোগ বৃদ্ধির দিকগুলি আরও সুদৃঢ় করা হবে।

তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দায়িত্ববোধ বাড়বে এবং সংগঠনের ভাবধারা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক রঞ্জিত দাস, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, মন্ত্রী সান্ত্বনা চাকমা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় প্রমুখ।

সমগ্র কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। বিজেপি নেতৃত্বের মতে, এই প্রশিক্ষণ মহা অভিযান আগামী দিনে সংগঠনকে আরও মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *