iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

থানার নাকের ডগায় জোড়া চুরি, আতঙ্কে বিলোনিয়ার ব্যবসায়ীরা

বিলোনিয়া, ৭ মে : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত দুটি দোকানে চুরি হওয়ার ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, শহরের একটি দর্জি দোকান এবং তার পাশের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে গভীর রাতে চোরেরা হানা দেয়। হোমিওপ্যাথি দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে প্রথমে পাশের দর্জি দোকানের দরজা খোলা অবস্থায় দেখতে পান। দোকানের সামনে মেঝেতে ভাঙা তালা পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি দর্জি দোকানের মালিক সুলেখা দেবকে খবর দেন।

খবর পেয়ে সুলেখা দেব দোকানে এসে দেখেন, দোকানের ভিতরের মাঝখানের পার্টিশনের টিনের বেড়া কেটে চোরেরা পাশের হোমিওপ্যাথি দোকানে প্রবেশ করেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকান খুলে দেখেন, দোকানের ক্যাশবাক্সের জায়গা তছনছ অবস্থায় পড়ে রয়েছে। যদিও দোকানের অন্যান্য সামগ্রী অক্ষত ছিল, তবে প্রাথমিকভাবে দুটি দোকান থেকেই কিছু নগদ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। ইতিমধ্যেই চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, থানার এত কাছাকাছি এলাকায় পরপর চুরির ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি মানিক পাল বলেন, “থানার নাকের ডগায় যদি দোকান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবে? শহরে রাতের বেলা পুলিশের টহল কার্যত নেই বললেই চলে।”

তিনি অবিলম্বে শহরে রাত্রীকালীন পুলিশি টহল জোরদার করার দাবি জানান। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *