iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুড়াইবাড়িতে নিখোঁজ নাবালকের মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া এলাকায়

চুড়াইবাড়ি, ৬ মে : উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে নাবালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, পূর্ব ফুলবাড়ি এলাকার বাসিন্দা মোঃ নুরুল হকের মুক ও বধির পুত্র মহম্মদ সাকিবুল হোসেন (১২) মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ নিজের বাড়ির সামনে খেলাধুলা করার সময় আচমকাই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা প্রথমে নিজেরাই আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও তল্লাশিতে সামিল হন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

এরপর বুধবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা একটি ভাসমান মৃতদেহ দেখতে পান। কাছে গিয়ে তাঁরা নিশ্চিত হন যে সেটি নিখোঁজ নাবালক মহম্মদ সাকিবুল হোসেনের মৃতদেহ। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারকে জানানো হয় এবং চুড়াইবাড়ি থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এলাকার বিধায়ক ইসলাম উদ্দিনসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে পুলিশকে জানানো হয় যে, এই মৃত্যুর ঘটনায় তাদের কোনও অভিযোগ বা সন্দেহ নেই এবং ভবিষ্যতেও থাকবে না। পরিবারের এই আবেদনের ভিত্তিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করে।

মুক ও বধির এই নাবালকের অকাল মৃত্যুতে পরিবার-পরিজনদের পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *