iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগামী বছরের মধ্যেই ত্রিপুরার সব ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত মজুতের আহ্বান রাজ্যপালের

আগরতলা, মে : আগামী বছরের মধ্যে ত্রিপুরার প্রতিটি ব্লাড ব্যাঙ্কে যেন পর্যাপ্ত রক্ত মজুত রাখা সম্ভব হয়, সেই লক্ষ্যে রাজ্যবাসীকে আরও বেশি করে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষ্যে আগরতলার রেড ক্রস ভবনে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, রক্তের কোনও বিকল্প নেই। মানুষের স্বেচ্ছা দানের মাধ্যমেই রক্ত সংগ্রহ করা সম্ভব। তিনি জানান, মাত্র ২৫০ মিলিলিটার রক্ত তিনজন মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। তাই সমাজের প্রতিটি সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানে অংশগ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, রক্তদান শুধু গ্রহীতার জীবন রক্ষা করে না, রক্তদাতার শরীরেও নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং শারীরিকভাবে উপকার এনে দেয়।

ত্রিপুরায় স্বেচ্ছা রক্তদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে রাজ্যপাল রাজ্যবাসীর মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে তিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পৃষ্ঠপোষক আজীবন সদস্য এবং স্বাস্থ্য সখীদের হাতে শংসাপত্র তুলে দেন।

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, মানবতার সেবায় এই মেগা রক্তদান শিবির এক অনন্য উদ্যোগ। একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি রেড ক্রস সোসাইটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলক কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার চেয়ারম্যান বি কে রায়, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সম্পাদক চন্দন দেবনাথ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদজ্ঞাপন করেন সংস্থার সহ-সভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *