iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

যুব কংগ্রেসের বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ কমান্ড্যান্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আগরতলা, ১৫ জুন : যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে সিআরপিএফ-র বিরুদ্ধে বেআইনি লাঠিচার্জ, মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। ঘটনার জন্য সিআরপিএফ-র কমান্ড্যান্ট রাম কুমারকে দায়ী করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।

সোমবার আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, যুব কংগ্রেসের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে দমন করার উদ্দেশ্যে সিআরপিএফ জওয়ানরা অযৌক্তিকভাবে লাঠিচার্জ চালিয়েছে। তাঁর দাবি, ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিআইজি, আইজি-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত থাকলেও তাঁদের কোনও নির্দেশ ছাড়াই সিআরপিএফ বাহিনী বলপ্রয়োগ করে।

সাংবাদিক সম্মেলনে আহত যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিত রেখে নীলকমল সাহা বলেন, “ত্রিপুরা পুলিশ লাঠিচার্জ করেনি। সিআরপিএফ-র জওয়ানরাই কমান্ড্যান্ট রাম কুমারের নেতৃত্বে নির্বিচারে লাঠিপেটা করেছে। বহু যুব কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। মহিলা কর্মীদের জামাকাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, শুধু বিক্ষোভকারীরাই নন, ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকরাও সিআরপিএফ-র আচরণের শিকার হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপরও হামলা ও হেনস্তার অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

প্রদেশ যুব কংগ্রেস সভাপতির বক্তব্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে দলের কর্মীদের উপর যে ধরনের বলপ্রয়োগ করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। তিনি বলেন, “বিজেপি-র দলদাসে পরিণত হয়ে সিআরপিএফ কাজ করছে। এই ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি জানান, আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় যুব কংগ্রেস নেতৃত্বকেও বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

এদিকে কংগ্রেস ভবন সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় যুব কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধীকেও বিষয়টি অবহিত করা হয়েছে। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল ত্রিপুরা সফরে এসে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঘটনার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পারে।

উল্লেখ্য, যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সোমবার রাজধানী আগরতলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একাধিক কর্মী আহত হন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *