iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জিবিপি হাসপাতালে রোগীর হামলায় আহত নিরাপত্তা কর্মী, চাঞ্চল্য মেল অর্থোপেডিক ওয়ার্ডে

আগরতলা, ১৯ জুন : আগরতলায় জিবিপি হাসপাতালে রোগীর হামলায় আহত হলেন বেসরকারি নিরাপত্তা কর্মী। শুক্রবার দুপুরে হাসপাতালের মেল অর্থোপেডিক ওয়ার্ডে ঘটে এই ঘটনা। আহত নিরাপত্তা কর্মীর নাম কমল কান্তি ভট্টাচার্য। তিনি বেসরকারি নিরাপত্তা সংস্থার সুপারভাইজার হিসেবে কর্মরত।

জানা গেছে, মেল অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন জনৈক মানসিক ভারসাম্যহীন রোগী। শুক্রবার দুপুরে হঠাৎ করেই ওই রোগী উত্তেজিত হয়ে ওঠেন এবং ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে অশালীন আচরণ ও বকাবকি শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে চিকিৎসাকর্মীদের মারধরেরও চেষ্টা করেন তিনি।

সেই সময় ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার কমল কান্তি ভট্টাচার্য। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রোগীকে শান্ত করার চেষ্টা করেন এবং একজন চিকিৎসককে রক্ষা করতে সামনে এগিয়ে যান। অভিযোগ, তখনই উত্তেজিত হয়ে ওই রোগী হঠাৎ কমল কান্তি ভট্টাচার্যের ওপর হামলা চালায়। রোগীর আঘাতে তাঁর চোখ ও নাকে গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাতের ফলে তাঁর চোখে রক্ত জমাট বেঁধেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জিবিপি হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মেল অর্থোপেডিক ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের অন্যান্য নিরাপত্তা কর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত রোগীকে ওই ওয়ার্ড থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসক-নার্সদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্মরত নিরাপত্তা কর্মীদের একাংশের দাবি, মানসিকভাবে অসুস্থ বা উত্তেজিত রোগীদের ক্ষেত্রে বিশেষ নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

ঘটনার পর হাসপাতাল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় শুক্রবার জিবিপি হাসপাতাল চত্বরে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *