iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

টেলিকম টাওয়ারে চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল দুই যুবক

তেলিয়ামুড়া, ২১ জুন : তেলিয়ামুড়া মহকুমা জুড়ে দীর্ঘদিন ধরে টেলিকম টাওয়ারগুলিকে লক্ষ্য করে সক্রিয় চোরচক্রের দৌরাত্ম্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মোবাইল টাওয়ার থেকে মূল্যবান তামার তার, ব্যাটারি এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম চুরির ঘটনা প্রায়শই ঘটছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সংস্থাগুলির আর্থিক ক্ষতির পরিমাণও বাড়ছে।

এই পরিস্থিতিতে টেলিকম পরিষেবা রক্ষায় জি.ও ও এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন টাওয়ার সাইটে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রহরী নিয়োগ করে নজরদারি চালানো হচ্ছে।

শনিবার গভীর রাতে দুষ্কি খামারবাড়ি এলাকায় অবস্থিত একটি এয়ারটেল টাওয়ারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন প্রহরারত কর্মীরা। তারা দেখতে পান, দুই জন জনজাতি যুবক টাওয়ারের উপরে উঠে তার কাটার কাজ করছে। বিষয়টি বুঝতে পেরে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে তাদের আটক করেন।

আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তারা টাওয়ার থেকে মূল্যবান তামার তার এবং অন্যান্য সরঞ্জাম চুরি করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে নিরাপত্তাকর্মীরা তাদের তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন।

টেলিকম সংস্থার কর্মীদের দাবি, সম্প্রতি বিভিন্ন এলাকায় টাওয়ার থেকে তার ও যন্ত্রাংশ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পরিষেবা বজায় রাখতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ধরনের চুরি শুধু সংস্থার আর্থিক ক্ষতিই করে না, অনেক সময় মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়, যার প্রভাব পড়ে সাধারণ গ্রাহকদের উপর।

সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে দুষ্কি খামারবাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, টেলিকম টাওয়ারগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *