মাধ্যমিক স্কুলকে দ্বাদশমানে রুপান্তরিত করার দাবীতে পথ অবরোধ করল তারকপুর স্কুলের ছাত্রছাত্রীরা
স্টাফ রিপোর্টার, কদমতলা, ৮ আগস্ট।। মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার দাবীতে পথ অবরোধ কীল উত্তর ত্রিপুরা জেলার তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে পথ অবরোধ। পরে কদমতলা থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা।
এদিন সকাল আটটা নাগাদ তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আচমকা কদমতলা বাজার লাগোয়া কদমতলা -চুরাইবাড়ি, কদমতলা-তারকপুর ও কদমতলা – ধর্মনগর সড়কের সংযোগ স্থল কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় পথ অবরোধ করে। অবরোধকারী ছাত্রছাত্রীদের দাবী তারকপুর মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিকে উন্নিত করা। কেননা, প্রত্যন্ত এলাকা তারকপুরে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়া মাধ্যমিক পাশ করার পর গরীব ছাত্র ছাত্রীরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে অন্য স্কুলে পড়াশোনা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
অনেকে টাকা পয়সার অভাব অনটনের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে। তাই তারকপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার দাবী ছিল দীর্ঘ দিনের। সেই দাবীতে একাধিক আন্দোলন ও পথ অবরোধ করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবী সেই তিমিরেই রয়ে গেল। তাই নিরুপায় হয়ে আবারো পথ অবরোধে বসতে হলো ছাত্রছাত্রীদের।
এদিকে ঘটনার খবর পেয়ে অবরোধ স্থলে আসেন কদমতলা থানার এসআই পীযুষ সাহা সহ পুলিশ কর্মীরা। পুলিশ দীর্ঘ সময় পথ অবরোধকারী ছাত্রছাত্রীদের বুঝিয়ে আশ্বস্ত করে যে, তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরের গোচরে নেওয়া হবে। অবশেষে পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল দশটা নাগাদ ছাত্রছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে।
