iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অতিবৃষ্টিতে জাতীয় সড়ক ধসে পড়ল শান্তিরবাজারে, যানচলাচল স্তব্ধ, দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৮ আগস্ট।। দুদিনের টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার। টানাবর্ষণে আগরতলা সাব্রুম ৮ নং জাতীয় সড়কে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এলাকায় রাস্তা ধসে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে দক্ষিণমুখী সমস্ত যানবাহন চলাচল। মঙ্গলবার সকালে শান্তিরবাজারের মনু এলাকার লাছি ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়ক ধসে পড়ে। এরপরে দুদিকে আটকে যায় ছোট-বড় প্রচুর যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আশ্চর্যের বিষয় হলো আগরতলা সাব্রুম জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকলেও প্রশাসনের দেখা মেলেনি দীর্ঘক্ষণ বাদেও। প্রায় এক ঘন্টা বাদে চার লাইনের এই জাতীয় সড়কের এক পাশ দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে বলে খবর। টানা বর্ষণে গতকালও গোমতী জেলার উদয়পুর অমরপুর সড়কের মাত্রাঙ্গিবাড়িতে ধস পরে এবং ভেঙ্গে পড়ে একাধিক বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। এতে বন্ধ হয়ে পড়ে সড়কে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আশ্চর্যজনকভাবে সেখানেও দেখা মিলেনি প্রশাসনিক কোন আধিকারিকের। শেষ পর্যন্ত যাত্রী সাধারণকে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সড়ক পরিষ্কারের কাজে হাত লাগাতে হয়। এ নিয়ে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, দুদিনের টানা বর্ষণের পর মঙ্গলবারও ছিল আকাশের মুখ ভার। সকাল থেকে চলছে হালকা ও মাঝারি বৃষ্টি। এতে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া, ব্যবসায়ী, অটোরিক্সা, টমটম চালক সকলকেই দুর্ভোগের সম্মুখীন হতে হয়। তবে বৃষ্টিতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আবহাওয়ার পূর্বাভাসে সতর্কতা জারি করে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে ৪৭.৪ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *