ত্রিপুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজিতা হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী
আগরতলা, ২ ফেব্রুয়ারি : অঞ্জলি আর ঢাকের তালে নাচ গানে উৎসবের আবহেই রবিবার ত্রিপুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজিতা হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। এদিন রাজধানী আগরতলা শহরের উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ে বাগদেবীর বন্দনা উপলক্ষে ছাত্র, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে দেখা গেল এই উৎসবের আবহ।
রবিবার মাঘী শুক্লা পঞ্চমী। বিদ্যার দেবী সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া, ক্লাব এবং বাড়িঘরে নিষ্ঠার সাথে পূজিতা হচ্ছেন বাগদেবী সরস্বতী। এদিন রাজধানীর রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়েও বিদ্যাদেবীর পূজা হয়। সরস্বতী পূজা উপলক্ষে সকাল থেকেই ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে হাজির হন। ছোটরা অভিভাবকদের হাত ধরে চলে আসে বিদ্যালয়ে। তিথি মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ঢাকের তালে তালে নাচের আসরে মেতে উঠে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা।
সরস্বতী পূজা প্রসঙ্গে উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যমের এক শিক্ষক জানান, সনাতন ধর্ম অনুসারে বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। প্রতিবছর বাসন্তী পঞ্চমীর দিনে বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ বছরও আমরা বিদ্যালয়ে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। ছাত্র, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সবার উপস্থিতিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা।
বিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে রবিবার সকাল সকাল অভিভাবকের হাত ধরে বিদ্যালয়ে হাজির প্রাথমিক বিভাগের ছাত্ররা। এদিন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দুই ছাত্র জানায়, সরস্বতী মায়ের পূজা হচ্ছে বিদ্যালয়ে। মা যেন তাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন এই আশীর্বাদই তারা মায়ের কাছে চেয়েছে। পূজা উপলক্ষে খুব আনন্দ করছে বলে জানায় ছাত্ররা
প্রসঙ্গত উল্লেখ্য অন্যান্য পূজার মত এবছর শাস্ত্রমতে সরস্বতী পূজাও পড়েছে দুই দিন। অনেক বিদ্যালয়ে রবিবারই হয়েছে পূজা। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘরে আগামীকাল অর্থাৎ সোমবার বাগদেবীর আরাধনার আয়োজন করা হবে।
