দুর্নীতির মামলায় গ্রেফতার টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু, আটক পুত্র লোকেশও
বিজয়ওয়াড়া, ৯ সেপ্টেম্বর : স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। শনিবার সকালে সিআইডি তাঁকে গ্রেফতার করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
টিডিপি সূত্রে খবর, দলীয় কর্মসূচি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরে সেখানেই হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর চন্দ্রবাবুকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে।
