গণবন্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রেশন ডিলারদের নিয়ে বৈঠক বিলোনিয়া মহকুমা শাসকের
স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১০ অক্টোবর।। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমা শাসক রতন ভৌমিকের পৌরহিত্য বিলোনিয়া মহকুমার অন্তর্গত সকল রেশন ডিলারদের নিয়ে এবং খাদ্য দপ্তরের সকল কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠক। আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যে সরকারের খাদ্য দপ্তর দুর্গাপূজা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছে। খাদ্য দপ্তরের আদেশ মূলে মহকুমার অন্তর্গত সকল ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হয় আজকের এই বৈঠক।
রাজ্য সরকার দুর্গাপূজার স্পেশাল প্যাকেজে ভোক্তাদের জন্য প্রতি রেশন কার্ড পিছু এক লিটার সরিষার তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি এবং মাথাপিছু ৫০০ গ্রাম আটা দেওয়ার ব্যবস্থা করেছে। এই সকল সামগ্রী গুলি খাদ্য দপ্তরের উদ্যোগে একটি ক্যানভাস ব্যাগের মধ্যে দেওয়া হবে। রাজ্যের ২০৫৬টি রেশন দোকানে এই সকল খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টনের লক্ষ্যে এবং একইভাবে বিলোনিয়া মহকুমার অন্তর্গত সকল রেশন ডিলারদের মাধ্যমে ভোক্তারা যাতে এসকল খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন এবং তা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজকের মহকুমা শাসকের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
মহাকুমা শাসক এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখেন ডিলারদের সামনে। ডিলাররাও তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মহকুমা শাসকের সাথে। মহকুমা শাসক এই বৈঠক থেকে আশা করছেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পুজো স্পেশাল প্যাকেজের অন্তর্গত বিভিন্ন খাদ্য সামগ্রীগুলি সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে বিলোনিয়া মহাকুমার অন্তর্গত রেশন ডিলাররা সহযোগিতা করবেন এবং তাতে ভোক্তাদেরও সহযোগিতা আশা করেন।
