iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাস্তা সংস্কারের দাবীতে অমরপুরের রাঙ্গাছড়া এলাকায় অবরোধ আন্দোলন এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার, অমরপুর, ১০ অক্টোবর।। রাস্তা সংস্কারের দাবীতে অমরপুরের রাঙ্গাছড়া এলাকায় অবরোধ আন্দোলন সংগঠিত করল এলাকার লোকজন। তবে অবরোধস্থলে দেখা গিয়েছে তিপ্রা মথা দলের স্থানীয় নেতৃত্বদের। অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। পরে অবশ্য প্রশাসনের আধিকারীকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জানা গিয়েছে, অমরপুর রাঙ্গাছড়া এলাকায় প্রায় আট কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবী জানিয়ে আসছেন এলাকার লোকজন। কিন্তু, প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। সম্প্রতি ওই সড়কের আট কিলোমিটারের মধ্যে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় জনগণ। তাদের দাবী অবিলম্বে পুরো রাস্তার জন্য টেন্ডার ডাকতে হবে সংস্কারের লক্ষ্যে।

এই দাবী নিয়ে মঙ্গলবার দুপুরে শত শত জনজাতি মহিলা পুরুষ রাঙ্গাছড়া এলাকায় সমবেত হন এবং পথ অবরোধ আন্দোলনে সামিল হন। সেখানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার স্থানীয় নেতা অশিরাম রিয়াং। তিনি জানিয়েছেন শহর এলাকায় রাস্তাঘাট সংস্কার করা হলেও এডিসি এলাকায় রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। তারপরও প্রশাসনের তরফ থেকে সংস্কার করা হচ্ছে না। এদিন অবরোধের খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে পৌঁছে। অবরোধকারীদের আন্দোলন প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু, তাতে কোন সুফল পাওয়া যায়নি। পরে পূর্ত দপ্তরের তরফ থেকে আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *