গণবণ্টন ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ অক্টোবর।। ত্রিপুরা সরকার ভোক্তা অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত প্রয়াস জারি রেখেছে। গণবন্টন ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাজারে দ্রব্যমূল্য যাতে কোনভাবেই সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সেজন্য সরকার অবহিত রয়েছে। এজনাই ই-পিডিস সিস্টেম চালু করা হয়েছে। গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল বন্টন রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচির একটি অঙ্গ। নির্বাচনী প্রতিশ্রুতির সংকল্পপত্রেও গণবণ্টন ব্যবস্থায় সরিষার তেল বন্টনের ঘোষণা করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ২০১৮ সালে রাজ্য সরকার গঠন হওয়ার পর ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু করা হয়। কৃষকদের আত্মনির্ভর করে তুলতেই সরকারের এই পদক্ষেপ। কর্মসংস্থানের পাশাপাশি সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা। এই সরকার মানুষের চাহিদা অনুধাবন করতে পারে। এখন কিছু পাওয়ার জন্য মানুষকে আন্দোলন করতে হয়না। গণবণ্টন ব্যবস্থায় সরিষার তেল প্রদান সংকল্পপত্রের প্রতিশ্রুতিরই রূপায়ণ। এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে রেশনশপের মাধ্যমে সরিষার তেল দেওয়া হবে ভোক্তাদের মধ্যে। সারা রাজ্যের ৯ লক্ষ ৭০ হাজার রেশনকার্ড হোল্ডারদের কার্ড কিছু ১ লিটার করে সরিষার তেল দেওয়া হবে। বছরে চারবার ভুর্তুকি মূল্যে এই সরিষার তেল ভোক্তাদের মধ্যে দেওয়া হবে। সরিষার তেলের দরপত্র স্থির হয়েছে প্রতি লিটার ১২৮ টাকা। তবে রাজ্য সরকার এই মূল্যের উপর আরও ১৫ টাকা একাকালীন ভুর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদা, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরেরঅধিকর্তা নির্মল অধিকারি। এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
