iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

এবার ভক্তদের জন্যও পোশাকবিধি চালু করল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। এবার ভক্তদের জন্যও পোশাকবিধি চালু করল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। নিয়ম অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশের জন্য পরতে হবে সভ্য পোশাক। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে এখনই এই নির্দেশ কার্যকর হচ্ছে না, নতুন বছর থেকে এই নিয়ম চালু করা হবে। এর আগে সেবায়েতদের জন্য পোশাকবিধি চালু করেছিল মন্দির কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান রঞ্জন কুমার দাস বলেন, “মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে অন্যের ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন।”

অশালীন পোশাক বলতে ঠিক কোন পোশাকের কথা, কেন বলা হচ্ছে, তাও স্পষ্ট করে দেন রঞ্জন কুমার দাস। তিনি বলেন, “অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।” সেজন্যই জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।তিনি জানান, শাড়ি, সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। কেবল ১২ বছরের নীচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। নতুন বছর অর্থাৎ ২০২৪-এর ১ জানুয়ারি থেকেই জগন্নাথ মন্দিরে এই পোশাকবিধি চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *