লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির চিন্তন বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ১২ জানুয়ারি।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার লক্ষ্যে শুক্রবার রাজধানী আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়েছে চিন্তন বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দেলের রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা, ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধায়ক সহ অন্যান্য পদাধিকারীরা৷
এদিনের বৈঠকে মূলত আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে৷ তাছাড়া দলের তরফে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে জোরদার প্রচারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়৷ সূত্রের দাবি এদিনের বৈঠকে বিভিন্ন এলাকার বিধায়কদের দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজকর্ম পর্যালোচনা করে যাতে জনগণের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা না হয় তা নিশ্চিত করা৷ সাথে দলের বুথ স্তর পর্যন্ত সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা আলোচনায় উঠে আসে৷ পাশাপাশি দলের যেসব নেতৃত্ব এবং কর্মী সাংগঠনিক কর্মসূচি থেকে কিছুটা দূরে সরে গিয়েছে তাদেরকেও কিভাবে সক্রিয় করা যায় তা আলোচনা হয়েছে এদিনের বৈঠকে৷
