কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি’র স্ব-দলীয় গোষ্ঠী কোন্দল রূপ নিল ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে
তেলিয়ামুড়া, ৬ জুন : ত্রিপুরার খোয়াই জেলার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি’র স্ব-দলীয় গোষ্ঠী কোন্দল এবার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মন্ত্রী বিকাশ দেববর্মার লনির্বাচনী কেন্দ্র অর্থাৎ ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে স্ব-দলীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
উল্লেখ্য থাকে, বুধবার রাতে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় সংঘটিত ঘটনাগুলি নিশ্চিতভাবে একদিকে যেমন গোটা এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে ঠিক এর পাশাপাশি দাবি উঠছে কৃষ্ণপুরের অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হোক। জানা গেছে, বুধবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে কৃষ্ণপুর এলাকারই বিজেপি দলের জনৈক কর্মী বাপন দাসের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়। শুধু তাই নয় বাপনকে আক্রমণ করার পাশাপাশি তার মোটরবাইক ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
তেলিয়ামুড়া থানায় দাঁড়িয়ে বাপন জানিয়েছে, এই ঘটনার পেছনে রয়েছে কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ, বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন কর সহ অপর আরেক ব্যাক্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং এভাবে স্ব-দলীয় সংঘাতের ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণপুর বিধানসভার গোলাবাড়ি এলাকাতেই বিজেপির বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতে রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ সঙ্ঘবদ্ধভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ১৫ নং বুথের বুথ সভাপতি মানিক ঘোষের অভিযোগ, উনার বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে এলাকারই বিজেপি দলের চুনোপুঁটি সৌরভ দাস যুক্ত রয়েছে এবং এলাকাবাসী সৌরভের স্বীকারোক্তিমূলে তাকে আটক করে ইতিমধ্যে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।
বুথ সভাপতি নিজেও দাবি করেছেন, উনার বাড়িতে আক্রমণের ঘটনার পেছনে কোনভাবেই অন্য কোন দলের কর্মী সমর্থকরা জড়িত নয়। নিজ দলের একাংশই যে এই ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত। তবে কি কারণে এই ঘটনা ঘটছে তা তিনি বুঝতে পারছেন না। জানা গিয়েছে, ২৯ কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ, বিজেপি নেতা বিজন কর এবং বিজয় ঘোষ এই তিনজনের নামে তেলিয়ামুড়া থানায় এফ.আই.আর করা হয়েছে। বুধবার রাতে পর পর স্ব-দলীয় কর্মী সমর্থকদের উপর এবং বাড়ি ঘরে হামলা হুজ্জুতির ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
