উত্তর কৃষ্ণপুর গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে
তেলিয়ামুড়া, ৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুর গ্রামের অবিনাশ সরকারের ছেলে ২০ বছর বয়সী অভি সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দুইদিন আগে অভি তার নিজ গ্রামের পার্শ্ববর্তী এক গ্রামের কোন এক পরিচিতের বাড়িতে গিয়ে মাছ ধরছিল এবং দীর্ঘক্ষণ ওই বাড়িতে থাকার পর যখন সে বাড়িতে ফিরে আসে। তখন নাকি সে অসুস্থতা বোধ করছিল, এমনটাই দাবি তার মায়ের। শুধু তাই না, অভি নাকি তার মায়ের কাছে দাবী করেছিল সংশ্লিষ্ট বাড়িতে তার উপর দৈহিক আক্রমণ করা হয়েছিল। এরপর রাতে অভির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে বুধবার জিবি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি শেষে বৃহস্পতিবার অভি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে অভির মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে এই মৃত্যু নিয়ে নানাজন নানা মত প্রকাশ করতে থাকে। একটা অংশ থেকে দাবি উঠছে ঐদিন অভির উপর দৈহিক আক্রমণের পরিপ্রেক্ষিতেই তার এই পরিণতি হয়েছে। আবার সূত্র মারফত খবর অভি দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রকারের ড্রাগসের নেশায় আসক্ত ছিল। তার মৃত্যুর পেছনে ড্রাগসও একটা কারণ হয়ে থাকতে পারে বলে অনুমান।
