iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে ছাত্রছাত্রীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে : মুখ্যমন্ত্রী

আমবাসা, ২৪ অক্টোবর : স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে ছাত্রছাত্রীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। শিশু এবং কিশোর কিশোরীরা যদি সুস্থ থাকে তবে তাদের পঠন পাঠনও সঠিকভাবে হবে।বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা টাউনহলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৭.০ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য সরকার আন্তরিক। রাজ্যে শূন্য থেকে ১৯ বছর বয়সের শিশু এবং কিশোর ও কিশোরীদের স্বাভাবিক বিকাশের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের ১১ লক্ষ ৩৬ হাজার শিশু এবং কিশোর ও কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য এখন বহিঃরাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্যেই সব ধরনের স্বাস্থ্য পরিষেবা রয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর মানুষকে আস্থা রাখতে হবে। ডোনার মন্ত্রণালয় থেকে রাজ্যের জন্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে ৫১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবাইকে স্বাস্থ্য বীমার আওতায় আনার জন্য আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা বিএসির চেয়ারম্যান পরিমল দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জীব কুমার দেববর্মা, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *