সাব্রুমের মনুঘাট বাজারে দায়ের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, অভিযুক্ত বাজারের ঝাড়ুদার
সাব্রুম, ১ নভেম্বর : দায়ের আঘাতে গুরুতর আহত হন দক্ষিণ জেলার সাব্রুম মনুঘাটের ঊষাজয় মগ। তাকে আক্রমণের অভিযোগ আচাই মগের বিরুদ্ধে। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, সাব্রুম থানাধীন মনুঘাট বাজারে এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে জানা গেছে আহত ব্যাক্তির নাম ঊষাজয় মগ বয়স চল্লিশ। বাড়ি রতনমণও এডিসি ভিলেজ এলাকার। খবর পেয়ে সাব্রুম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রক্তাক্ত ঊষাজয় মগকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মাথা থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। সাব্রুম থানায় খবর দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় আঘাতের চিহ্ন আছে। স্ক্যানের ব্যবস্থা করা হচ্ছে। আহত ঊষাজয় মগ বলেন, মনুঘাট বাজারে তাকে ঝাড়ুদার আচাই মগ দা দিয়ে আঘাত করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
