সোনামুড়ায় সাত লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার নেই
বক্সনগর, ২১ জুন : সিপাহীজলা জেলার সীমান্তবর্তী মহকুমা সোনামুড়া যেন ক্রমেই পরিণত হচ্ছে গাঁজা পাচারকারীদের আঁতুড়ঘরে। এই অঞ্চল বহুদিন ধরেই মাদক চক্রের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে সেই চক্রকে থামাতে দৃঢ় পদক্ষেপে ফের সাফল্যের মুখ দেখল সোনামুড়া থানার পুলিশ।
বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার তৎপর সহায়তায়, শুক্রবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত ইন্দুরিয়া, গাবুরিয়া ও ঢেপা এলাকায় চালানো হয় অভিযান। অভিযানে উদ্ধার হয় ৮টি বড় ড্রামে লুকিয়ে রাখা প্রায় ৩৮৪ কেজি শুকনো গাঁজা। যার কালোবাজারি মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকারীরা গাঁজাগুলি অত্যন্ত কৌশলে নির্জন বনের গভীরে মজুত করেছিল, যাতে প্রশাসনের নজর এড়িয়ে নিরাপদে পাচার করা যায়। তবে গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজরদারি ও সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার ফলেই এই বিশাল পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়।
সোনামুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এই গাঁজার চালান পশ্চিমবঙ্গ কিংবা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং পাচারচক্রের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করার কাজ চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।”
স্থানীয় সূত্রের দাবি, ইন্দুরিয়া ও গাবুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই গাঁজা চাষ ও মজুতের অভিযোগ উঠছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই এলাকা-সহ আশেপাশের অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হবে। বাড়ানো হবে গোপন টহলও। ঘন বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজাভর্তি ড্রামগুলি।
