প্রতিটি মানুষের মানসিক বিকাশের জন্য যোগা গুরুত্বপূর্ণ : সাংসদ বিপ্লব
মেলাঘর, ২১ জুন : সারা রাজ্যের সঙ্গে আজ সিপাহীজলা জেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। সিপাহীজলা জেলায় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় নীরমহলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।
অনুষ্ঠানের উদ্বোধক সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রত্যেক দেশের একটি নিজস্ব পরিচয় আছে। ভারতের পরিচয় হচ্ছে এর আধ্যাত্মবাদ। আর এই আধ্যাত্মিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যোগা। আদিকাল থেকেই যোগাভ্যাস ভারতের রীতি। তিনি আরও বলেন, বর্তমানে পরিবর্তিত জীবনশৈলির জন্য যোগব্যায়ামকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, প্রতিটি মানুষের মানসিক বিকাশের জন্যও যোগা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়ামকে সব মানুষের জীবনচর্চার অংশ করে নিতে আহ্বান জানান সাংসদ।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত প্রচেষ্টায় রাষ্ট্রসংঘ ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস রূপে ঘোষণা করে। এই সিদ্ধান্তমূলে পৃথিবীর ১৭৭টি দেশ ভারতবর্ষের সঙ্গে সহমত পোষণ করে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করে। সকল স্তরের মানুষের মানসিক, শারীরিক ও চারিত্রিক সুস্বাস্থ্যের জন্য যোগা আজ অত্যাবশ্যকীয়। যোগা চর্চাকে তাই নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি। বর্তমানে যোগার প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, সরকারি কর্মচারি সহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মণ, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথের, বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়।
